খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার ইসলামী বক্তা ও জামায়াত নেতা শেখ সাইদুল ইসলাম সাঈদের সন্ধান দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে তার পরিবার।

গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম।

তিনি জানান, গত রবিবার সকাল ৮টার দিকে তার স্বামী শেখ সাইদুল ইসলাম ট্রেনযোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ শেষে রাত ১০টার দিকে ট্রেনে করে ফেরার পথে রাত প্রায় ১টা ২৫ মিনিটে ভেড়ামারা পৌঁছালে তার সঙ্গে শেষবার ফোনে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮১২) করেছেন।

সাদিয়া ইসলাম জানান, তারা খোকসা থানার ওসি এবং কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে শেখ সাইদুল ইসলামের পরিবারের সদস্যরা ও তার তিন সন্তান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ সাইদুল ইসলাম সাঈদ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি এলাকায় একজন জনপ্রিয় ইসলামী বক্তা হিসেবেও পরিচিত।