উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের শতবর্ষী পুরোনো দুটি রেইনট্রি কড়াই গাছ নিলামের মাধ্যমে কেটে ফেলার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ধামশ্রেণী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় গ্রীন ভয়েস উলিপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এলাকাবাসীর পক্ষে আব্দুল্লাহ আল সোহাগ, ধামশ্রেণী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার প্রমুখ। বক্তারা বলেন, ‘এই গাছগুলো শুধু গাছ নয়, এরা আমাদের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অংশ। শত বছরের পুরোনো গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত পরিবেশ, প্রকৃতি ও জনস্বার্থের পরিপন্থী। গোপনে বা লুকিয়ে কোনো গাছ কাটা চলবে না। এ সব গাছ কাটলে ধামশ্রেণী বাজারের সবুজ বনায়ন থাকবে না। এই গাছ কাটা মানে আমাদের ভবিষ্যৎ কেটে ফেলা। প্রশাসনের উচিত অবিলম্বে এই নিলাম বন্ধ করে প্রকৃতি রক্ষায় উদ্যোগ নেয়া’।