সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলা উপজেলার রাণীরপাড়া-নামাজখালী সড়কে বাঙালি নদীর ওপর নির্মিত একটি বক্স কালভার্টের সংযোগ সড়ক বন্যার পানির তোড়ে ভেঙে পড়েছে।ফলে নদীর দুই পাড়ের হাজারো মানুষের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী ও ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, কালভার্টের সংযোগ সড়ক ধসে পড়ার ফলে মানুষকে এখন নৌকা বা ডিঙি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। দিনের বেলায় কোনোভাবে যাতায়াত সম্ভব হলেও রাতের বেলায় তা হয়ে উঠছে অত্যন্ত বিপজ্জনক। ইতোমধ্যে কয়েকজন পথচারী দুর্ঘটনারও শিকার হয়েছেন।
রাণীরপাড়া গ্রামের বাসিন্দা উজ্জল হোসেন খোকন ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, বন্যার পর এই সড়ক ধসে যাওয়ায় আমাদের চরম ভোগান্তি হচ্ছে। দ্রুত মেরামত না করলে আরও সমস্যা বাড়বে।
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই জানান, নদীর ওপাড় থেকে প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। সড়কটি ধসে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না।
এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, টানা বর্ষণ ও বন্যার কারণে সড়কটি ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।