বান্দরবান সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান বলেছেন, “নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদ বাস্তবায়নে সকল বাঁধা দূর করতে হবে।” জামায়াতে ইসলামী যেনতেনভাবে ক্ষমতার পরিবর্তন চায় না। রাষ্ট্র কাঠামোতে অর্থবহ পরিবর্তন চাই। তিনি গতকাল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান প্রেস ক্লাব হলরুমে জেলা জামায়াত আয়োজিত বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমীর এস. এম. আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি আরোও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হয়ে যেতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার অংশ। নির্বাচনের পূর্বে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হতে পারে বলে আশাকরি। তিনি পিআর পদ্ধতিসহ মৌলিক সংস্কারের ক্ষেত্রে যাতে কোনো গ্যাপ তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত না করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না।
বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লেঃ কর্ণেল (অব) এস. এম. আইয়ুব, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।