নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাইলধরা বাজারে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অনৈতিক সুবিধা ও স্বজনপ্রীতির মাধ্যমে অন্যদের দোকান ঘর বরাদ্দের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বঞ্চিত ব্যবসায়ীরা। সম্প্রতি শাইলধরা বাজারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে ব্যবসায়ী টিটু, রহুল আমিন, জামাল, দুলালসহ আরও অনেকেই বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে যারা এই বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছেন এবং যারা দোকানের প্রকৃত হকদার, তাদের বঞ্চিত করে একটি প্রভাবশালী মহল নিয়মবহির্ভূতভাবে আর্থিক সুবিধা নিয়ে বহিরাগত ও অ-ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দিয়েছে। এতে বাজারের নিরীহ ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া এক প্রবীণ ব্যবসায়ী ইদ্রিছ আলী বলেন, “আমরা বংশপরম্পরায় এই বাজারে ব্যবসা করে আসছি। কিš‘ আমাদের বাদ দিয়ে ৫০ হাজার/বায়ান্ন হাজার টাকার বিনিময়ে এমন লোকদের দোকান দেওয়া হয়েছে যারা ব্যবসায়ীই নন। এছাড়া এক বাড়িতে তিন/চারজনকেও ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”