জৈন্তাপুর সংবাদদাতা : সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৪০ জন ভারতে বসবাস করি মানুষকে জৈন্তাপুরের দুটি সীমান্ত দিয়ে পুশইন করে, টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সবাইকে আটক করেছে বলে বিজিবি সূত্রে নিশ্চিৎ করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জৈন্তাপুরের শ্রীপুর ও মিনাটিলা বিওপির সীমান্ত এলাকা দিয়ে এদের পুশইন করে।

৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে ভারতীয় ২ এবং ৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা সিলেটের, শ্রীপুর এবং মিনাটিলা সীমান্ত দিয়ে একযোগে এসব পুশইনের চেষ্টা চালায়। তবে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল তাদের সবাইকে আটক করে বিজিবি সদস্যরা।

এদিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি কর্তৃক ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে বিজিবি। তারমধ্যে পুরুষ ৪জন, মহিলা ৪জন ও শিশু ৯জন রয়েছে । অপর দিকে মিনাটিলা বিওপিতে ৪টি পরিবারের মোট ২৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে পুরুষ ৯জন, মহিলা ৭জন ও শিশু ৭জন রয়েছে। ভারত থেকে আসা লোকজন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে দাবি করেন।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে আটককৃতরা অতীতে বিভিন্ন ভাবে ভারতে চলে গিয়ে আত্মীয় সজনের সাথে বসবাস করে আসছিল। গতরাতে বিএসএফ তাদের রাতের আঁধারে পুশইন করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বর্তমানে আটককৃতদের বিরুদ্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশইন

সিলেট ব্যুরো : সিলেট বিভাগের চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। এর মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছে। পুশইনকৃত ৭০ জনের মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জন লালমনিরহাটের।

বিজিবি জানায়, বুধবার রাতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি দিয়ে ১৭ জন, মিনাটিলা দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইন করা হয় ১৭ জনকে। বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর তাদেরকে আটক করে বিজিবি। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সীমান্তে ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশীকে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ১১ জুন রাত ৮টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুর পৌনে ২টায় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬৪নং প্রধান খুঁটির কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ২৬ জনের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন দুপুর ২টায় ৩২-বিএসএফ ব্যাটালিয়ন মহেশপুর ব্যাটালিয়নকে অবগত করেন যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশীকে হরিয়ানা পুলিশ আটক করেছে। এর পর পুলিশ ওই ২৬ জনকে বিএসএফের নিকট হস্তান্তর করেছে। বিএসএফ উক্ত ২৬ জন বাংলাদেশীকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করেন এবং ২৬ জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে। পরে বিজিবি উল্লেখিত ২৬ জন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। এর পর দুপুর পৌনে ২টায় জীবননগর উপজেলার সীমান্তের ৬৪নং প্রধান খুঁটির কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ২৬ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন।