কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়া বাজার সংলগ্ন বরুণ রোড এলাকায় ২৬ দিন আগে কার্যক্রম চালু করে এক এনজিও। সঞ্চয়ের ছয়গুণ টাকা ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ছয় শতাধিক গ্রাহকের টাকা নিয়ে অবশেষে উধাও হয়ে গেছে ‘পল্লি বাজার লিমিটেড’ নামের এনজিও। ধারণা করা হচ্ছে এনজিওটির কর্মকর্তারা প্রায় কোটি টাকার উপরে নিয়ে পালিয়েছে।
রিক্সা মেরামতের গ্যারেজের মালিক আবুল হোসেন। তিনি ঋণের জন্য ওই এনজিওতে সদস্য হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এনজিও অফিসে গিয়ে দেখেন অফিস কক্ষ তালাবদ্ধ। পাশের দোকানদারকে জিজ্ঞেস করেন অফিসের লোকজন কোথায় গেছেন? তখন পাশের দোকানদার জানান, এনজিও লোকজন এখান থেকে পালিয়েছে। আবুল হোসেন জানান, ঈদের জন্য তিনি ৩০ হাজার টাকা জমা করে রেখেছিলেন। ভেবেছিলেন এই টাকা দিয়ে তিনি ঈদের কেনাকাটা করবেন। পরে জানতে পারেন এক এনজিও আছে তাঁরা সঞ্চয়ের ছয় গুণ টাকা ঋণ দেন। সেই প্রলোভনে দুই নামে তিনি ৩০ হাজার টাকা সঞ্চয় করেন। বৃহস্পতিবার দুপুরে তাঁদের ঋণ দেওয়ার কথা ছিল। এসে দেখেন এনজিও কর্মীরা উধাও। ঋণের আশায় জমানো টাকা হারিয়ে এখন তিনি দিশেহারা।