আমতলী (বরগুনা) সংবাদাতা : আমতলীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে রবিবার (১২ অক্টোবর) ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাফেজ নূর মোহাম্মদ ফকির (২৩)। তিনি আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ির আবুল কালাম ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ ৯অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর শারিরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।কিন্তু পথিমধ্যে,ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রেখে গেছেন।
বরগুনা হাসপাতালের মেডিক্যাল অফিসার তাসকিয়া সিদ্দিকাহ জানান,গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরগুনা সদর হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া তালতলীতে ৩ জন, পাথরঘাটায় ১২ জন এবং বামনায় ২ জন ভর্তি রয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।