মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদনে নিজাম তালুকদার নামের এক সাংবাদিককে হাত-পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সেলিম মিয়া নামেরেএক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সম্প্রতি সেলিম মিয়া মুঠোফোনে ওই সাংবাদিককে এই হুমকি দেন। এ সম্পর্কিত ৩ মিনিট ২১ সেকেন্ডের একটি কল রেকড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে ভুক্তভোগী নিজাম তালুকদার জীবনের নিরাপত্তা চেয়ে মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিজাম তালুকদার দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। তিনি মদন উপজেলা প্রেসক্লাবের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক। তিনি মদন উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বসবাস করেন। আর অভিযুক্ত সেলিম মিয়া উপজেলার চানগাও গ্রামের মড়ল পাড়া এলাকার বাসিন্দা। তিনি মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০১৬ সালে ইউপি নির্বাচনে তিনি চানগাও ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়ে অংশ নিয়ে পরাজিত হন।