সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার জন্য কাটা মাটির গর্তে পড়ে ৬ বছর বয়সি এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল বানিয়াপাড়া এলাকায়। নিহত শিশুর নাম মিজান। সে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, ওই এলাকায় হাজী নাজমুল হোসেনের এএনবি-২ ইটভাটা। এই ইটভাটার জন্য আবাসিক এলাকা সংলগ্ন কৃষি জমি থেকে মাটি কাটা হয়েছে। ফলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে গত দুই দিনের বৃষ্টিতে প্রচুর পানি জমেছে। সেই পানিতে পড়ে ডুবে যায় শিশু মিজান। প্রায় ২ ঘন্টা খোজাখুজির পর পানির নিচে শিশুটিকে পাওয়া যায়। তখন লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। শিশু মিজানের বাবা ও মা ঢাকায় গার্মেন্টস কর্মী। সে দাদার বেলালের কাছে থাকতো। সকলের অজান্তে গর্তের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।
এব্যাপারে ইটভাটার মালিক হাজী নাজমুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, হায়াত ফুরিয়ে গেছে তাই মারা গেছে। এতে আমার কি দোষ বা আমার করারই বা কি আছে?