শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত এর পরও প্রতিনিয়ত টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ঝিনাইদহের শৈলকুপার ফুলহরী ইউনিয়নের ফুলহরী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হাদিকুর রহমান এর বিরুদ্ধে। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর সন্তান। ৫ই আগস্ট, ২০২৪ সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থেকে কিভাবে প্রতি মাসের বেতনের টাকা উত্তোলন করছেন এমন অভিযোগ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়. হাদিকুর রহমান ২০১৪ সালে এই বিদ্যালয়ে উক্ত পদে চাকরিতে যোগদান করেন। এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সরকার পতনের পর নানামুখী চাপে সে আর বিদ্যালয়ে যান না। তিনি বিদ্যালয়ে ৯ মাস যাবৎ অনুপস্থিত আছেন এবং নিয়মিত বেতন উত্তোলন করে থাকেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা বলেন, হাদিকুর ৫ই আগস্টের পর কিছুদিন বিদ্যালয়ে আসলেও পরবর্তীতে আর স্কুলে আসেন না। এব্যাপারে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টা অবহিত করি এবং তার পরামর্শ মোতাবেক হাদিকুর রহমান বরাবর কারণ দর্শানোর নোটিশ পাঠায়। কিছুদিন আমি বেতন কর্তন করলেও এখন ইএফটির মাধ্যমে বেতন আসায় তার ব্যাংক হিসাবে টাকা জমা পড়ছে।

হাদিকুর রহমান বলেন, ৫ই আগস্টের পর কিছুদিন স্কুলে গিয়েছিলাম কিন্তু বিভিন্ন চাপ থাকায় আর স্কুলে যাই নাই। আমার ব্যাংক হিসাবে জমা পড়ে আছে আমি টাকা উত্তোলন করি নাই। প্রয়োজনে আমি টাকা ফেরত দিব।