বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা হাসপাতালের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, সদস্য সচিব ফাহাম মামুনুর রশীদ জীবন, পৌর সভাপতি নাজমুল ইমন প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) : মাগুরায় শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গোয়ালপাড়া জোড়া ব্রীজ হতে কালিনগর বাজার সড়কের দু’ধারে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব ও বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ন কবির, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা কাজী আপ্তাব হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, সহ-সাধারণ সম্পাদক সাথী খাতুন, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ অন্যরা।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উপলক্ষে প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়। বুধবার (২৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফুল ও ফলজ গাছের চারা রোপণ করে দিবসটি পালন করা হয়।

এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন এবং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। এসময় তিনি বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি অক্সিজেনের জন্য হলেও প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় একটি-দুটি করে গাছ রোপণ করবো।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘প্রানের প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। মানুষ বেইমানি করলেও গাছ কখনো বেইমানি করেনা। কার্যক্রমটি চলমান রাখা দরকার। তাহলেই প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।’

বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক সৈয়দ পারভেজ সোবাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক জানাহারা বেগম, তিলক বৈদ্য, মাওলানা মোরশেদ উদ্দিন, জান্নাতুল নাঈম, মাসুদ আলম, ওমর ফারুক, এমরান আলী, জাকিয়া নাজনীন প্রমুখ।

কাপাসিয়া (গাজীপুর) : নানা কর্মসূচির মধ্য দিয়ে কাপাসিয়া উপজেলা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ এসব কর্মসূচি পালিত হয়। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোঃ ইজদাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নূর আলম সিদ্দিকী প্রমুখ।

কিশোরগঞ্জ সংবাদদাতা : দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”Íএই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ উদ্ভোধন হয়েছে।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ি প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক ড মো সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, এডিসি জেনারেল মিজাবে রহমত, জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি শামসুল আলম সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক আলমগীর হোসেন, কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ অফিসার মু হারুন অর রশিদ, অতিরিক্ত উপপরিচালক পিপি ইমরুল কায়েস, অতিরিক্ত উপপরিচালক শস্য শাহিনুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

পাবনায় ডাক্তার-মালিকের যোগসাজশে নবজাতক চুরি

পাবনা সংবাদদাতা : পাবনা সদর হাসপাতাল রোডের শরীফ হাসপাতালে ডাক্তার ও হাসপাতাল মালিকের যোগসাজশে মধ্যরাতে এক নবজাতক চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

দীর্ঘ অনুসন্ধান ও নিরলস প্রচেষ্টার পর প্রেসক্লাব পাবনার সাংবাদিকেরা চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।

এ ঘটনায় ডাক্তার সাবেরিন ইসলাম, ডাক্তার নাসিম এবং ক্লিনিকের মালিক শরিফ জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে চোরচক্রের মূল হোতা মিনা খাতুন ও তার সহযোগীকে পুলিশের হাতে তুলে দেয়ার পরেও রহস্যজনক কারণে গভীর রাতে থানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়।

গত ২৩ জুন রাতে ভাঙ্গুড়া থানার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের সিদ্দিকুর রহমান তার প্রসূতি স্ত্রীকে নিয়ে শরীফ হাসপাতালে ভর্তি হন। রাত দশটার দিকে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন হয়। অভিযোগ উঠেছে, অপারেশনের সময়ই ডাক্তার সাবেরিন ইসলাম, ডাক্তার নাসিম এবং ক্লিনিকের মালিক শরিফ ও শরিফের স্ত্রী যোগসাজশ করে শিশুটিকে চুরি করে পাবনার আওতাপাড়া এলাকার মিনা খাতুন নামের এক মহিলার কাছে বিক্রি করে দেন।

প্রেসক্লাব পাবনার সদস্যরা এই ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে অনুসন্ধানে নামেন। তাদের দীর্ঘ পরিশ্রমের ফলস্বরূপ বাচ্চাটিকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করা সম্ভব হয় এবং তার প্রকৃত মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে ডাক্তার সাবেরিন ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং এড়িয়ে যান। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, অপারেশনের সময় ডাক্তার সাবেরিন ইসলাম উপস্থিত ছিলেন। তার সঙ্গে শরীফ হাসপাতালের মালিক শরিফ এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া, ডাক্তার নাসিমও এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ উঠেছে।

এদিকে পাবনা সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ শরিফ হাসপাতালের বিষয়ে জানান, নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে গত ৪ মে ২০২৫ তারিখে শরীফ হাসপাতালকে নোটিশ দিয়ে বন্ধ করা হয়। যেহেতু কোনো ধরনের অনুমতি ছাড়া পুনরায় হাসপাতাল চালু করেছে তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।