খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় পানিবন্দি ৪ মন্দিরে এবার দুর্গাপূজা হচ্ছে না। আর ৮টিতে ভক্তরা যাবে ডিঙি চড়ে। জানা যায়, প্রায় দু’মাস পানিবন্দি বিলডাকাতিয়াসহ ডুমুরিয়া উপজেলার উত্তরাঞ্চীলয় এলাকাসমূহ। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে কৃষ্ণনগর, মুজারঘুটা, বারানসি ও বটভেড়া গ্রাম। এসব এলাকার অনেক জায়গায় এখনো বসতবাড়ি ও রাস্তা-ঘাটে হাটু পানি রয়েছে। অত্যন্ত কষ্টকর এবং যন্ত্রণাদায়ক জীবন-যাপন এ অঞ্চলের মানুষের। প্রতিকূল এ পরিস্থিতির মধ্যে বেজে উঠেছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনি মঙ্গলবার্তা। রোববার মহালয়ার মধ্যদিয়ে শুরু হয়েছে শারদীয় উৎসবের আনুষ্ঠানিকতা। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে সম্পন্ন হবে পূজার আনুষ্ঠানিকতা। কৃষ্ণনগর এলাকায় প্রতিটা মন্দির রয়েছে পানিবন্দি। কৃষ্ণনগর সার্ব্বজনীন হরি মন্দির চত্বর পানিতে তলিয়ে আছে দীর্ঘদিন। সেখানে দেড় থেকে দুই ফুট পানি। কচুরিপানা আটকে থাকায় মনে হচ্ছে এটা কোন এক জলাশয়। শুধু তাই নয়, মন্দির চত্বরে অনেকগুলো ডিঙি নৌকা রাখা আছে। দেখলে বোঝার কোন উপায় নেই যে এটা মন্দির প্রাঙ্গণ। খাল-বিলের সাথে একাকার মন্দির হয়ে পড়েছে।
স্থানীয় কৃষ্ণপদ মন্ডল জানান, মন্দির চত্বরে প্রায় কোমর পানি উঠেছিলো। পানি নামতে অনেক সময় লেগে যাচ্ছে। এ পর্যন্ত ১০ ইঞ্চি পানি কমেছে। ১ ইঞ্চি পানি কমতে ৬/৭ দিন সময় লেগে যাচ্ছে। এখনো অনেক পানি। যার কারণে হরি মন্দিরে এবার দুর্গাপূজা হচ্ছে না।