দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে বহিরাগতদের হামলার শিকার হয়ে দুই পরীক্ষার্থী হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে হামলার শিকার হোন তারা।

আহত শিক্ষার্থীরা হোসেনাবাদ এলাকার মমুনুর রশিদের ছেলে মনোয়ার হোসেন রুদ্র (১৮) ও আতিক হাসানের ছেলে ফাহিম (১৮)। তারা দু’জনই হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

হামলার ঘটনায় মনোয়ার হোসেন রুদ্র বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে গেলে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন বহিরাগত যুবক কলেজ চত্বরে অনধিকার প্রবেশ করে তাদের এলোপাতাড়িভাবে মারধর করে। এতে রুদ্র ও তার বন্ধু ফাহিম মারাত্মকভাবে আহত হন।

আহত ফাহিম জানান, পরিক্ষা শেষ করে বাইরে আসতেই কলেজের গেটে আমাদের উপর হামলা চালায় কয়েকজন বহিরাগত।

হামলার ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, সামান্য একটি বিষয় নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, প্রতিষ্ঠানটিতে মারামারির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। তবে পুলিশ গিয়ে তেমন কিছু দেখতে পায়নি। বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।