ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর ও ডোমার-ডিমলা আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার সকালে ডালিয়া তিস্তা অবসর হলরুমে অনুষ্ঠিত এ সাক্ষাৎটি হয় এক হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সাক্ষাৎকালে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। অতীতের জাতীয় সংসদেও দলের নির্বাচিত প্রতিনিধিরা দেশের উন্নয়ন ও নীতিনির্ধারণে গঠনমূলক ভূমিকা রেখেছেন। এ সময় দু’দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। উভয়পক্ষই ইরান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যক্ষ আব্দুস সাত্তার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ডোমার-ডিমলা এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের উন্নয়ন, বিদ্যুৎ ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রম, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও সহায়তা প্রদান সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরেন। পরে অধ্যক্ষ আব্দুস সাত্তার রাষ্ট্রদূত মানসুর চাভোশিকে সঙ্গে নিয়ে তিস্তা ব্যারাজ এলাকা ও থানাখন্দ সড়কসহ স্থানীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বিশেষ করে তিস্তা পুনর্গঠন ও সংস্কার প্রকল্পে সহযোগিতা, এবং ডোমার-ডিমলা অঞ্চলের জনগণের অর্থনৈতিক উন্নয়নে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।