বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। যেই বাংলাদেশে মানুষে-মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।
গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কেবল যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতায় যাওয়ার আগে যুব সমাজকে নানান রকম প্রলোভন দেখিয়ে ক্ষমতায় বসে দুর্নীতি-চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে যুব সমাজের কল্যাণে কিছুই করেনি। বরং যুব সমাজকে ধ্বংস করতে তাদের হাতে মাদক আর অস্ত্র তুলে দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্র যুব সমাজের জন্য কিছুই না করলেও যুব সমাজ রাষ্ট্রের প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্যের সাথে যুব সমাজের রক্ত লেগে আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, চব্বিশের জুলাই আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবকদের অবদান অনস্বীকার্য। প্রেসবিজ্ঞপ্তি।