বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই যোদ্ধারা এক অনন্য অধ্যায় রচনা করেছেন। তাদের আত্মত্যাগ ও আন্দোলনের ফলেই আজকের জনগণ অধিকার সম্পর্কে সচেতন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা পশ্চিম থানার উদ্যোগে সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমীর মোহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রুবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি মোবারক হোসাইন আরো বলেন, জুলাই যোদ্ধাদের জাতীয় সনদের স্বীকৃতি দিতে হবে এবং পিআর প্রকৃতির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও শক্তিশালী জাতীয় সনদ ছাড়া জনগণের আস্থা ফিরে আসবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা সম্ভব। অতএব, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি এবং নিরপেক্ষ নির্বাচনের বাস্তবায়ন আজ সময়ের দাবি। এর মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনি ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিনের পবিত্র দায়িত্ব। কুরআন ও সুন্নাহ আমাদের শিক্ষা দেয়Ñ “তোমরা আল্লাহর পথে জিহাদ করো তোমাদের জান ও মাল দিয়ে।” (সূরা আস-সাফ: ১১)। ইসলামী আন্দোলনের কর্মীরা সেই মহান দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, আজকের এই সমাজে অশান্তি, অন্যায় ও অবিচার দূর করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। এজন্য ইসলামী আন্দোলনের সর্বস্তরের কর্মীদের জান ও মাল উভয় দিয়ে আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। তারা যদি আল্লাহর দ্বীনের পতাকা উঁচু করতে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, তবে আল্লাহর সাহায্যও তাদের সঙ্গী হবে। তিনি বলেন, এ পথ কঠিন হলেও এর পুরস্কার জান্নাত। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের উচিতÑ নিজেদেরকে দাওয়াহ, ত্যাগ ও কুরবানি দ্বারা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত রাখা। এভাবেই প্রতিষ্ঠিত হবে ন্যায়, ইনসাফ ও শান্তির সমাজব্যবস্থা। প্রেস বিজ্ঞপ্তি।