নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে রাতের আধারে নিরীহ কৃষকের ফিসারীর পাড় কেটে দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের চাষকৃত শিং ও তেলাপিয়া মাছ ফিসারীর থেকে বেড়িয়ে যাওয়ায় প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৫ জুন) রাতে কোন এক সময়ে প্রতিপক্ষের দ্বারা উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে নিরীহ কৃষক শামীম মিয়ার ফিসারীতে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামীম মিয়া বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ নিজাম উদ্দিনের পুত্র মাসুদ মিয়া ও আব্দুল মজিদের পুত্র সুমন মিয়া সহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, মাদারীনগর গ্রামের নাজিম উদ্দিনের পুত্র শামীম মিয়ার পরিবারের সাথে প্রতিপক্ষ মাসুদ মিয়া ও সুমন মিয়ার পরিবারের দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা সংক্রান্ত পূর্বশত্রুতা ও পারিবারিক কলহ চলে আসছিল। নিরীহ কৃষক শামীম মিয়ার পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরনের বিরোধ সৃষ্টি করিয়া বাড়ি-ঘরের ক্ষতিসাধন, জায়গা দখল, মারধরসহ বিভিন্ন ধরনের অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে প্রতিপক্ষ। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও প্রতিপক্ষ উগ্রবাদী হওয়ায় এর কোন সুরাহা হয়নি।