চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, “রাজনীতি হবে জনগণের খেদমতের জন্য, ক্ষমতার জন্য নয়; এটি একটি আমানত। ক্ষমতার ভাগীদার হতে আমি আসিনি, এসেছি আপনাদের নিত্যদিনের সাথী হতে।”

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সন্দ্বীপের এনাম নাহার মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় বক্তৃতাকালে তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি নালোভনীয় কথায় আপনাদের ফাঁকি দিতে আসিনি। আমি শুধু প্রতিশ্রুতি নয়, আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। সত্যের পক্ষে কথা বলব, মানুষের জন্য কাজ করব। এটাই আমার রাজনীতি।” অধ্যাপক আমজাদ হোসাইন সন্দ্বীপের নিত্যদিনের সমস্যাগুলো তুলে ধরে বলেন, “দশকের পর দশক ধরে সন্দ্বীপবাসী নদীভাঙন, অনিরাপদ নৌযাতায়াত, শিক্ষার ঘাটতি, কর্মসংস্থানের অভাব এবং দুর্বল স্বাস্থ্যসেবার মধ্যে জীবন কাটাচ্ছে। এসব সমস্যা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ থাকে, সমাধানের উদ্যোগ দেখা যায় না। আমি চাই ইনশাআল্লাহ, এই সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে।” তিনি যোগ করেন, “আজকের রাজনীতিতে নৈতিকতার অভাব প্রবল। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজি ও লুটপাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা চাই সুস্থ রাজনীতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সেবামূলক নেতৃত্ব।”