ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে আশি হাজার ঘনফুট বালু জব্দ ও ৪ টি ড্রেজার মেশিন বিকল করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২৫ আগস্ট উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর এবং নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। অভিযান পরিচালনাকালে ভুজপুর থানা পুলিশের একটি দল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে ৪ টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং প্রায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।