ম্ক্তুাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া থেকে ভাবকীর মোড় পর্যন্ত বাইপাস সড়কের পশ্চিমাংশ ভাবকীর মোড় অংশের কাজ ১২ দিন ধরে বন্ধ রয়েছে। সড়কে ইট-বালু সরবরাহ নিয়ে মুক্তাগাছা উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বে সড়কের কাজ বন্ধ রয়েছে বলে বলে জানায় স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে গত (৬ সেপ্টেম্বর) বাইপাস সড়কের ভাবকীর মোড় অংশে বালু ভর্তি ট্রাক ঢুকলে এতে যুবদলের লোকজন বালু ফেলতে বাঁধা দেয়। এতে কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজে ব্যবহৃত বেকু সহ অন্যান্য যন্ত্র গুলো অলস পরে আছে, এলোপাতারি পরে আছে সুরকির ঢিবি। সেখানে কর্মরত কোন শ্রমিক বা ইট বালু বোঝাই কোন গাড়ির দেখা যায়নি। অথচ গত কয়েক দিন আগেও এ এলাকায় সারি সারি বালু বোঝাই ড্রাম ট্রাক, ইটের গাড়ি হরহামেশায় দেখা গেছে। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত (৬ সেপ্টেম্বর, শনিবার) বিশ পঁচিশটি বালু বোঝাই ট্রাক বাইপাস সড়কের দিকে আসলে মুক্তাগাছা শহর থেকে ১০/১৫ টি মোটর সাইকেলে যুবদলের নেতাকর্মীরা এসে ট্রাক আটকিয়ে বালু ফেলতে নিষেধ করে। পরে তাদের বাঁধার মুখে বালু বোঝাই ট্রাক ফেরত যায়। এ সময় তাদের বলতে শোনা যায় সড়কের মালামাল একজনে দিবে কেন? আমরা সবাই মিলে দিব। এ বিষয়ে মিমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

সড়ক নির্মাণে মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিঃ গুলশান-২, ঢকা এর কাছ থেকে মুক্তাগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিলের মেসার্স শাকিল এন্টারপ্রাইজ ২ লাখ ইট ও ৩ লাখ ঘনফুট বালু সরবরাহের কাজ পায়। ইতোমধ্যে ১ লাখ ৬২ হাজার ইট ও ১ লাখ ২৫ হাজার ঘনফুট বালু সরবরাহ করা হয়েছে। কোম্পানীর কাছে ২৮/২৯ লাখ বকেয়া রয়েছে বলে শাকিল সাংবাদিকদের জানান। এরই মধ্যে যুবদলের নেতাকর্মীরা তার কাজে বাঁধা দেয়। তারা বলেন, এ কাজ সে একা করতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে। পরে মিমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

ইট-বালু সরবরাহ ছাত্রদল একা এটা করবে কেন? আমরা সবাই মিলে কাজ করব। এমনি এমনি তো কিছু চাচ্ছি না। কাজ করেই তো পয়সা নিব বলে জানান মুক্তাগাছা পৌর যুবদলের সভাপতি প্রার্থী যুব নেতা মিঠু চক্রবর্তী। এ বিষয়ে তিনি বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা হয়েছে বলে তিনি জানান।

ময়মনসিংহ (দক্ষিণ) জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও মুক্তাগাছা উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মোঃ সিরাজুল হকের সাথে কথা হলে তিনি জানান, ছাত্রদলের শাকিল একা মাল সরবরাহ করবে কেন? ছাত্রদলের সবাই মিলে মাল দিবে। ওদের যা কনট্রাক্ট ছিল ওরা তা দিয়ে দিছে। নতুন টেন্ডারে যারা কনট্রাক্ট পাবে তারা মাল দিবে। গাড়ী আটকানো এগুলো ভুয়া আলাপ, এটা সত্য না।

মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু বলেন, ওরা (দলের একটা অংশ) ওয়ার্ক অর্ডার নিয়ে তারা মাল দিয়েছে। আর এক অংশ বলছে ব্যবসা হালাল, আমাদের এলাকায় যেহেতু কাজ করছেন, আমরা কিছু অর্ডার পাইলে দু’এক পয়সা কমাই করতাম। পাঁচ-ছয়টা গ্রুপ। ঠিকাদার ডিসট্রিবিউশন করে দিলে পুলাপান এগুলো দিয়ে দিবে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার অরুণ কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজ বন্ধের কারন জানতে চাইলে তিনি এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি সুস্পষ্ট কিছু না বলে সড়ক জনপথের প্রকৌশলীর সাথে কথা বলতে বলেন। তিনি আরও বলেন, বৃষ্টিসহ নানা জটিলতায় কাজ আপাদত বন্ধ রয়েছে। তবে বাকী কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব বলে তিনি জানান।

সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের প্রকৌশলী আবুল বাশার সাদ্দাম হোসেনের সাথে কথা হলে তিনি দুই পক্ষের দ্বন্দ্বে সড়কের কাজ বন্ধ রয়েছে এমন তথ্য তার জানা নাই। তবে বৃষ্টি-বাদল জটিলতায় কাজ বন্ধ থাকতে পারে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি ঠিকাদারের প্রতিনিধির সাথে কথা বলতে বলেন।

উল্লেখ্য. বিগত আওয়ামীলীগ সরকারের আমলে মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক (এন-৪০৩) প্রকল্পের আওতায় ময়নমনসিংহ শহর থেকে মধুপুর পর্যন্ত ৪৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩৪ ফুট প্রস্থ বিশিষ্ট সড়ক নির্মাণ করণে ১ হাজার ১শ ৭ কোটি টাকা ব্যয় ধরা হয়। এর মধ্যে মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া থেকে ভাবকীর মোড় পর্যন্ত ৬ কিলোমিটার বাইপাস সড়ক অর্ন্তভুক্ত। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পরে তা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।