দিরাই সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলায় একের পর এক বন্দুকযুদ্ধ ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি এসব ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালনের আহবান জানান।
জানা যায়, শনিবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে প্রকাশ্যে এক যুবককে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে এবং গুলি ছুঁড়তে দেখা যায়। এর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শিশির মনির বলেন, গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্থিরচিত্র ও ভিডিও আমাদের নজরে এসেছে। যেখানে একজনকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রসহ গুলি করতে দেখা গেছে অনেকটা সিনেমার দৃশ্যের মতো। খোঁজ নিয়ে জানা গেছে, এটি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের ঘটনা। এর আগেও দিরাইয়ের বিভিন্ন গ্রামে একাধিক বন্দুকযুদ্ধ সংগঠিত হয়েছে, হতাহতের ঘটনাও ঘটেছে। পরিতাপের বিষয় হচ্ছে গ্রামের অভ্যন্তরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা সামাজিক শান্তি বিনষ্ট করছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতি রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। অপরাধী যে-ই হোক, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অন্যথায় সামাজিক স্থিতিশীলতা চরমভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।