বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, একটি আদর্শ সমাজ গঠনের পূর্বশর্ত হলো আত্মিক পরিশুদ্ধি। আদর্শিক পরিবর্তনের জন্য সংগঠনের প্রতিটি সদস্যের মধ্যে তাকওয়া, ইখলাস ও দ্বীনি দায়িত্ববোধ থাকা অত্যন্ত জরুরি।

গতকাল শুক্রবার জামায়াতে ইসলামীর উদ্যোগে ফরিদপুর মুসলিম মিশন হল রুমে জেলা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের জনসংযোগ ও গণভিত্তি আরও জোরদার করতে হবে। জনতার অন্তরে জায়গা করে নিতে হলে আমাদের আন্তরিকতা, সততা ও কৌশলী দাওয়াতি কার্যক্রমের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কেবল ভোটের লড়াই নয়, এটি আদর্শ ও নেতৃত্বের প্রতিযোগিতা। আমাদেরকে জনমানুষের দুঃখ-কষ্টের অংশীদার হয়ে সামাজিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। তিনি বলেন, উপজেলা সংগঠনসমূহই হলো জামায়াতের মূল ভিত্তি। তাই আসন্ন নির্বাচনে বিজয় লাভের লক্ষ্যে প্রতিটি উপজেলার সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। স্থানীয় নেতৃত্বকে প্রশিক্ষিত, সচেতন ও দায়বদ্ধ করে তোলা এখন সময়ের দাবি। আমাদের দায়িত্ব হলোÑ ইউনিট থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সংগঠনের মজবুতি নিশ্চিত করা। প্রেসবিজ্ঞপ্তি।