ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : গাজীপুর থেকে পরিবারের সাথে ঈদ করতে মোটর সাইকেল যোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ বাড়িতে ফিরছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু তারা জীবিত ফিরতে পারেননি। বাড়িতে এসেছে তাদের লাশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী প্রাণ হারান।
নিহতরা হলেন উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাঠগিরি গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২)। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে পশ্চিম পাশে সড়কে বসানো রাবারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। পরদিন ঈদের রাতে লাশ বাড়িতে এলে এই মর্মান্তিক ঘটনায় উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাঠগিরি গ্রামে ঈদের আনন্দের পরিবর্তে নেমে আসে শোকের ছায়া।