স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমল সরকারের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় উত্তেজিত জনতা। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামে মেসার্স জমজম ট্রেডার্স (মিনি পেট্রোল পাম্প) এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, এ ঘটনায় রাতেই মামলা রুজু হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ আব্দুর রব জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর তত্ত্বাবধানে কাপাসিয়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল। অভিযানের সময় মেসার্স জমজম ট্রেডার্স পাম্পে অনিয়ম ধরা পড়লে আদালত ৫০ লিটার পেট্রোল জব্দ করে এবং মালিককে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।

এ সময় স্থানীয় কিছু ব্যক্তি আদালতের বিচারক ও উপস্থিত কর্মকর্তাদের ‘ভুয়া ম্যাজিস্ট্রেটথ ও ‘ভুয়া পুলিশথ বলে স্লোগান দিতে থাকে এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাসে হামলা চালায়। এতে গাড়ির সামনের ও পাশের কাচ ভেঙে যায়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই বিপিসির এক কর্মকর্তা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার (১৪ অক্টোবর) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ওসি, মোহাম্মদ আব্দুর রব।

পদ্মা অয়েলের ব্যবস্থাপক, মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ জানান, বিপিসির তত্ত্বাবধানে অভিযানের সময় পাম্পে অনিয়ম পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনি নির্দেশ দেন। তবে স্থানীয়দের ভুল বোঝাবুঝির কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এদিকে, মেসার্স জমজম ট্রেডার্সের মালিক মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।