মিরসরাই সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) উপজেলার করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফটিকছড়ির মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০) এবং তাঁর ছেলে মোহাম্মদ হোসাইন (১২)
এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সাটি করেরহাট থেকে রামগড় যাচ্ছিল। ফরেস্ট অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এতে সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলে পরে পুলিশ এসে তা সচল করে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।