শ্রীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। গত বুধবার দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ যোগদান ও কমিটি গঠন অনুষ্ঠানে ৩৯ জন নতুন কর্মী জামায়াতের পতাকাতলে শামিল হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজাবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াকিল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আল আমিন। জানা গেছে, নতুন যোগ দেওয়া সদস্যদের মধ্যে কয়েকজন বিএনপির সাবেক সক্রিয় কর্মীও রয়েছেন। নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং দলীয় আদর্শ ও কর্মপন্থা সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আজকের এই ঐতিহাসিক যোগদান প্রমাণ করে জামায়াতে ইসলামী এখন সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমরা বিভাজন নয়, ঐক্যের বার্তা নিয়েই কাজ করতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তারা বলেন, “নতুন নেতৃত্ব ও কর্মীদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে।”
বক্তারা আরও জানান, দলীয় পরিধি সম্প্রসারণের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের প্রতিশ্রুতি অটুট রয়েছে। স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে দল কাজ করতে চায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দলজোড় গ্রামে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠন করা হয়। আব্দুস সাত্তারকে সভাপতি ও আনছার আলীকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আস্থা অর্জন করতে হলে জনসেবা ও নৈতিক রাজনীতির কোনো বিকল্প নেই। তাই জামায়াত প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে চায়। শ্রীপুরে এ যোগদান অনুষ্ঠান নতুন আশার বার্তা নিয়ে এসেছে বলেও তারা মন্তব্য করেন।