তিনবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ২৮ অক্টোবর সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল বুধবার শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, হাফেজ সাইফুর রহমান ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তিকালে শিবিরের শোক

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তিনবারের বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮ অক্টোবর সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গতকাল বুধবার যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, হাফেজ সাইফুর রহমান ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছিলেন। তার এই অর্জন মুসলিম বিশ্বের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা হাফেজ সাইফুর রহমান ত্বকীর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবার-পরিজন ও প্রিয়জনদের এ শোক ধৈর্য ধারণ করার তাওফিক দিন।