পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ জেলার পত্নীতলা থানার সীমান্তবর্তী আলপাকা (পাগলা মোড়) ও উত্তরামপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, আব্দুল বাসিরের স্ত্রী ডলিয়া খাতুন (৪৫) ও উত্তরামপুর গ্রামের শরিফুল ইসলাম ওরফে পুইয়ার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যেই দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, ঈদ পরবর্তী আড্ডা, সামাজিক অনুষ্ঠান ও আম মৌসুমকে কেন্দ্র করে মাদকের কেনাবেচা আরও বেড়ে যায়। আমের গাড়ির আড়ালে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। ডলিয়া ও শরিফুল কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে স্থানীয়ভাবে নিয়মিত মাদক বিক্রি করে থাকেন।
তাদের বাড়ির পাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। এতে করে এলাকার উঠতি বয়সের তরুণরা দিন দিন মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকা সংগ্রহে তারা চুরি, ছিনতাই, এমনকি ডাকাতির মতো অপরাধেও জড়িয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা।
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানালেই মাদক ব্যবসায়ীদের হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে। ডলিয়া ও শরিফুল ইসলাম এলাকাবাসীকে গালাগালির পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান বলেও দাবি করা হয়। স্থানীয়রা জানান, একাধিকবার তাদের মাদকসহ হাতেনাতে ধরা হলেও রহস্যজনক কারণে তারা দ্রুত জামিনে মুক্ত হয়ে আবারও একই কার্যক্রমে লিপ্ত হয়। থানায় টাকা লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় কি না, এমন প্রশ্নও উঠেছে এলাকাবাসীর মধ্যে।
প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে এলাকাবাসী বলেন, “এত অভিযোগ ও মামলার পরও ডলিয়া ও পুইয়ার মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কীভাবে এলাকায় দাপটের সঙ্গে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে? তাদের আসল পৃষ্ঠপোষক কারা?”
এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।