শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা : কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কে এম শাদনান সাবাব রহমান (২১) নামের এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। একই সময় নিখোঁজ রয়েছে আরো দুইজন শিক্ষার্থী। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সম্প্রতি সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিখোঁজ দুইজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিত্র হাসান ও আসিফ আহম্মেদ।

জানা যায়- সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যায় চবির ৪ শিক্ষার্থী। মঙ্গলবার সকালে তিন জন সমুদ্রে গোসল করতে নেমেছিলো এবং তিন জনেই সমুদ্রে ভেসে যায়। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু জানান- সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত মরদেহের পরিচয় সনাক্তে কাজ চলছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন- সাগর এতো উত্তাল সেখানে ডুবুরি নামাও কষ্টের হয়ে গেছে। স্রোত অনেক বেশি। আমরা পর্যবেক্ষণ করছি। সী-সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান জানান- তারা যখন সমুদ্রে নামেন তখন উত্তাল জোয়ার ছিলো। দুপুর ১২ টায় ভাটা হওয়ার পর ফায়ার সার্ভিসের সাথে লাইফ গার্ডের কর্মীরাও চেষ্টা করছে উদ্ধারের।