কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় আসামি ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বটির আঘাতে পুলিশের এক এসআই আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত সদস্যকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করে পুলিশ।
সম্প্রতি শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইসরাফিল হোসেন (৪৮) গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটকরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেফতারের উদ্দেশ্যে ডিবি পুলিশ তার বাড়ী ঘেরাও করে। এরপর বাড়ীর ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ওই আওয়াামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আলাদা মামলা করা হবে।