খুলনা মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপশহর দৌলতপুর। এই উপশহরের একটি গুরুত্বপূর্ণ ও সেবা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো দৌলতপুর পোস্ট অফিস বা ডাকঘর। যদিও বর্তমান আধুনিক সময়ে তথ্য প্রযুক্তি উৎকর্ষতার কারণে ডাকঘর জনপ্রিয়তা কিছুটা কমেছে। তাছাড়া বর্তমানে বে-সরকারি প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিস, ইন্টারনেটের ই-মেইলের মাধ্যমে নিমেষেই এক জায়গা হতে অন্য জায়গায় তথ্য আদান-প্রদান করা যাচ্ছে। তারপরও রাষ্ট্রীয়ভাবে ডাকঘর অত্যন্ত গুরুত্ব বহন করে।

দৌলতপুর পোস্ট অফিসের সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটি হতে প্রতিদিনই সেবা নিতে আসা সেবা গ্রহীতারা অত্র অফিস হতে সাধারণ চিঠিপত্র ইস্যু, রেজি. চিঠিপত্র ইস্যু, জিইপি, ইএমএস, সাধারণ মানি অর্ডার, ইলেকট্রিক মানি অর্ডার সার্ভিস, পোস্টাল ক্যাশ কার্ড, পার্সেল সার্ভিস, ভিপিপি ভিপিএস, ডাকটিকিট বিক্রিয়সহ বিবিধ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ডাক বিভাগের নির্দেশনা থাকার কারণে বর্তমানে এজেন্সি সার্ভিস যেমন-ডাক জীবন বীমা, সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র বিক্রয়সহ অন্যান্য এজেন্সি সার্ভিসের সেবা বন্ধ আছে।

পোস্ট অফিসে গিয়ে দেখা গেছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ও বেহাল দশায় ভবনটি পড়ে আছে। ভবনটির ছাদের বিভিন্ন স্থান হতে প্লাস্টার ধ্বসে ধ্বসে পড়ছে, তাকিয়ে রয়েছে লোহার রডগুলো, ভাঙ্গা জানালা-দরজা, অভাব রয়েছে পর্যাপ্ত আলো বাতাসেরও। এটি অনেকটাই অনিরাপদও। সেই সাথে সামান্য বৃষ্টি বা ভারী হলে হাঁটুজলে জলাবন্ধতায় সেবা প্রত্যাশিদের আরো দুর্ভোগ বাড়ছে।