চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গত পাঁচদিনে ১৭ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ৫ থেকে ১০ জুনের মধ্যে নগর ও জেলায় এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায়, বাস চাপায়, পানিতে ডুবে, আত্মহত্যায়, বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় তাদের মৃত্যু হয়।
লাল পতাকা দেখালেও থামেননি ট্রেনচালক, শিশুসহ নিহত ৩ : চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, দুই বছরের শিশুকন্যা আয়েশা ও সিএনজি চালক তুষার। এতে কমপক্ষে তিনজন গুরুতর আহত হন। জানালিহাট স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হওয়ার কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি। কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। এ দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।
খালে ডুবে নিখোঁজ শিশুর লাশ মিললো ৪ ঘন্টা পর : ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে সাইমন (৭) নামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সাইমন ওই এলাকার মো. আইয়ুবের ছেলে। ফটিকছড়ি থানার ওসি নূর আহম্মদ জানান, ধুরুং খালে ডুবে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
গরুর বাজারে শ্বশুরকে কুপিয়ে হত্যা করলো জামাতা : রাঙ্গুনিয়ার গোডাউন গরুর বাজারে ঢুকে শ্বশুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে জামাতা মোহাম্মদ হোসেন। নিহত ওসমান গণি (৫০) উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জামাতা মোহাম্মদ হোসেন (৪০) সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা ৮নং ওয়ার্ড আজলা বাপের বাড়ির মোহাম্মদ হাশেমের ছেলে। নিহতের মেয়ে রিনা আক্তারের (২২) সাথে ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। সংসারে ৬ ও ৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের পর পালানোর সময় মোহাম্মদ হোসেনকে আটক করে জনতা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে হেফাজতে নেন।
ঈদ আসেনি রিয়াদের ঘরে : কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে গরুর বাজারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ সেই কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ওই কিশোরের নাম মোহাম্মদ রিয়াদ (১৪)। সে বড়উঠান ইউনিয়নের ফাজিল খাঁর হাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে। গত বুধবার বিকেল ৪টার দিকে ফকিরনীর হাট নামের অস্থায়ী গরুর বাজারে গিয়ে দেওয়ালের ওপর উঠলে বৈদ্যুতিক তারে জড়িয়ে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জিয়া উদ্দিন সুমন (২৭) নামক এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে কুমিরার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জিয়া উদ্দিন বড় কুমিরা এলাকার ভেল্লার বাড়ির বাসিন্দা মো. সালেহ আহমেদের ছেলে। জানা গেছে, জিয়া উদ্দিন সুমন নামের ওই যুবক বাইসাইকেল চালিয়ে আইআইইউসি গেইটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে সুমন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে যুবকের মৃত্যু : মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে জয়নাল আবেদীন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হকের দোকান ও কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মো. জয়নাল আবেদীন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার এলাকার বাচ্চু মিয়ার ছেলে। বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, অগ্নিকাণদে কলোনির কাঁচাঘর ও দোকানে পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন জয়নাল আবেদীন নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়ায় হামলায় প্রাণ গেল একজনের, ৪ ভাই গ্রেফতার : সাতকানিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. দিদারুল আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দেওদীঘি ফয়েজুর রহমান সওদাগর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে রোববার ভোরে ৪ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন-ফয়েজুর রহমান সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ৪ ছেলে মো. সরওয়ার আজম (৫০), মো. সাইফুল আজম (৪১), মো. নাজিম উদ্দীন (৩৪) ও মো. নুরুল ইসলাম আজিম (৩০)। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনীর অভিযানে ৪ ভাইকে গ্রেফতার করা হয়েছে। নিহত দিদারুল আলমের ছোট ভাই বাদী হয়ে রোববার সকালে ১১ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন।
সীতাকুণ্ডে বাস চাপায় প্রাণ গেল পথচারীর : সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় বাস চাপায় দিদারুল আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে এ দুর্ঘটনা ঘটে। দিদারুল আলম মীরসরাই উপজেলার হিঙ্গুলী গ্রামের বাসিন্দা কোব্বত আহম্মদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় সড়ক পারাপারের সময় শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বোয়ালখালীতে গৃহবধূর আত্মহত্যা : বোয়ালখালীতে স্বামীর সাথে অভিমান করে বিলকিস আক্তার (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার দুপুর দেড়টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী আইস ফ্যাক্টরী রোডের ভাড়া বাসায় শয়ন কক্ষে তিনি আত্মহত্যা করেন।বিলকিস আক্তার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মিয়ার বাপের বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো.জাহেদের স্ত্রী। তারা আইস ফ্যাক্টরী রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাঁচলাইশ মডেল থানার এসআই মো.আলী বিন কাসিম বলেন, দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা বিলকিসকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর : লোহাগাড়ায় ইটভাটার পুকুরে ডুবে মোহাম্মদ তানজিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজ সংলগ্ন বার আউলিয়া ব্রিকস নামের ইটভাটার পুকুরে শিশুটি ডুবে যায়। তানজিম উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ার মাওলানা কাইছারের ছেলে। শিশুর দাদা মো. জাহাঙ্গীর আলম জানান, তানজিম হেফজখানায় পড়তো। ঈদের ছুটিতে বাড়িতে এসে দুপুরে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলতে বের হয়। খেলার সময় বলটি ইটভাটার পুকুরে পড়ে যায়। নাতিকে না পেয়ে সেই পুকুরে জাল দিয়ে তাকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু : পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের স্থানীয় একটি পুকুরে তাদের এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫)। সে বাহার উদ্দিনের ছেলে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল ফয়েজ বলেন, দুপুরে গোসল করতে নেমে আপন চাচা-ভাতিজা মারা গেছেন। পরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
আবর্জনার স্তূপে মিলল বৃদ্ধের লাশ : নগরের চকবাজারের আবর্জনার স্তূপ থেকে আবুল হাশেম হাছু (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে চন্দনপুরার এক্সেস রোডের মুখে আবর্জনার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আবুল হাশেম ওই এলাকার পশ্চিম গলির বাসিন্দা। তিনি অবিবাহিত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার রাতে বেরিয়ে তিনি আর বাসায় ফিরে যাননি।
রাঙ্গুনিয়ায় নদীতে নিখোঁজ ২ শিশু, একজনের লাশ মিলল ফেরিঘাটে : রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় নিখোঁজ ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার কোদালার রাইখালীর বাসিন্দা মো. আব্দুল গনির বাড়িতে নগরের ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও তার প্রতিবেশী একটি পরিবারসহ মোট ছয় জন সদস্য ঈদে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে কোদালা সুলতানিয়া মাদরাসা সংলগ্ন ঘাটে আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও বেড়াতে আসা আট বছরের মেয়ে শিশু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বেলা ১২টার দিকে ওই মেয়ের লাশ পাওয়া যায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। তবে এখনো নিখোঁজ রয়েছে ইমন।