দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

উপজেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫৭ জন ডেঙ্গু রোগী। পাশাপাশি সরকারি হাসপাতালে ২৫ জনের পরীক্ষায় ৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, “প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। তবে বিভিন্ন প্রতিরোধমূলক উদ্যোগে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে।”

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে দাউদকান্দি পৌরসভা এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মহামারীর রূপ ধারণ করেছিল। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগে গৃহীত নানা পদক্ষেপে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে বলে জানায় সংশ্লিষ্টরা।

তবে স্থানীয়দের অভিযোগ, এখনও অনেক জায়গায় নালার পানি জমে থাকা, ড্রেনেজ ব্যবস্থার অবনতি এবং পর্যাপ্ত ফগিং কার্যক্রমের অভাব রয়েছে, যা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো জমে থাকা পানি দ্রুত সরানো, ফুলহাতা জামা পরা, মশারি ব্যবহার করা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

দাউদকান্দি পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম বলেন, “সচেতনতামূলক মাইকিং, মশক নিধন কার্যক্রম এবং বাসাবাড়ির জমে থাকা পানি অপসারণে নিয়মিত আমাদের টিম কাজ করছে।”