বাঘা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাঘায় পলাশী ফতেপুর নতুন বাজারে একই রাতে পাঁচটি দোকান ঘর চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্প্রতি উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারে চুরির এঘটনা ঘটে। দোকান মালিক সেলিম সরকার জানান, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো বন্ধ করে রাত ৯টার আগেই বাড়ি চলে যান। সকালে এসে তারা দেখেন, দোকানের তালা ভাঙা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের জানানো হয়।
সেলিম সরকার বলেন, “বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং দোকানের, টিভি, ভারতীয় দামি কোম্পানির বিভিন্ন প্রকার শ্যাম্পু, সাবান, তেল-সহ বিভিন্ন মালামাল ও নগদ প্রায় ১০ হাজার টাকাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। চুরি যাওয়া অন্য দোকানীরা হলেন, মুহিদুল ইসলাম, আবদুল মালেক সরকার, বক্কার দর্জি ও আবদুস সামাদ। তারা জানান, চুরি যাওয়া সব দোকান মিলে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে চিকিৎসা সেবার নামে বেসরকারী সংস্থা ‘কমিউনিটি এ্যাকটিভিটিস ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (কারা)’ স্বাস্থ্যসেবার কার্ড বিক্রির মাধ্যমে আড়াই’শ হতদরিদ্র লোকজন থেকে অন্তত পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর অভিযান চালিয়ে ভুজপুর থানা পুলিশ স্থানীয় নারী ইউপি সদস্যসহ চক্রের ৫ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে।
সংস্থাটির ভূজপুর বাজারে অবস্থিত যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ করে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। এসময় পরিস্থিতি টের পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সংস্থাটি উপজেলা কো-অর্ডিনেটর ও প্রতারক চক্রের মুলহোতা আবু বক্কর প্রকাশ খোরশেদ (৪৮)। খবর পেয়ে পুলিশ দিয়ে ঘটনাস্থল থেকে ইউপি সদস্য ও একাধিক নারীসহ ৫ জনকে আটক করে। আটকৃতদের বুধবার আদালতে পাঠায় পুলিশ।
ঈদগাঁও (কক্সবাজার)
ঈদগাঁও থেকে বিভিন্ন অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। সম্প্রতি স্থানীয় থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মছিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুরি-চামারি ও বিভিন্ন মামলার পলাতক এসব আসামীদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে দুইজন মহিলাও রয়েছেন। গ্রেফতারকৃতরা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
চকরিয়া: চকরিয়ায় থানা প্রশাসনকে প্রভাবিত করে নিরীহ লোকজনকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে ব্যাপক হয়রানি করার প্রতিবাদে থানার চিহ্নিত দালাল হিসেবে পরিচিত আওয়ামী লীগের দোসর তারেক আজিজের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগি জনসাধারণ। রোববার (১৩জুলাই) চকরিয়া উপজেলার মিথ্যা মামলায় হয়রানি হওয়া পরিবারবর্গের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সমাবেশে ভুক্তভোগিদের মধ্যে বক্তব্য রাখেন- হাফেজ আমান উল্লাহ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক শিক্ষক আমান উল্লাহ মাস্টার, আইনজীবী সহকারী হেলাল উদ্দিন প্রকাশ হেলাল মুন্সি, মো. নয়ন চৌধুরী, মো. হানিফ, মিজানুর রহমানসহ আরো অনেকে। এসময় দালাল তারেকের হয়রানির শিকার শতশত ভুক্তভোগি জনসাধারণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সাদুল্লাপুর: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজীবাড়া সন্তোলা গ্রাম থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ ১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চৌকস টিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শেখ (৪৭) বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে।
জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক এর নিজ শয়ন ঘরের ভিতর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রির ১২০০ টাকা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।