শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর উপজেলা সদরে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া মানববন্ধনটি স্লোগান ও উপস্থাপনায় মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা শ্লোগান দেন— “ইউএনও’র বদলি, মানি না মানবো না”, “আর কোনো দাবি নাই, রনী খাতুনকে বহাল চাই”, “শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে” প্রভৃতি।

মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ১০ মাসে ইউএনও মোছা. রনী খাতুন শ্যামনগরের মানুষের আস্থা অর্জন করেছেন। কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁকে বদলি করা হলে শ্যামনগরের উন্নয়ন ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা। বক্তারা তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে আরও কিছু সময় শ্যামনগরের মানুষের সেবায় রাখার আহ্বান জানান।