শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন কর বৃদ্ধি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী। এই সিদ্ধান্ত “অমানবিক ও অযৌক্তিক” আখ্যায়িত করে তারা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বাজেট ঘোষণার সময় কর বৃদ্ধি না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও হঠাৎ করেই হোল্ডিং ট্যাক্স কয়েকগুণ বাড়িয়ে বাসিন্দাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নাগরিকদের দাবি, শ্রীপুর পৌরসভার অনেক এলাকায় এখনো টিনশেড ঘর ও অপর্যাপ্ত নাগরিক সুবিধা রয়েছে। সেসব স্থানে কর বাড়ানো অনভিপ্রেত ও জনদুর্ভোগ সৃষ্টি করছে।

এছাড়া পৌরসভার সেবার মান পর্যাপ্ত নয় উল্লেখ করে ৩% আবর্জনা কর এবং ২% সড়কবাতি করকেও অযৌক্তিক বলা হয়েছে স্মারকলিপিতে। নাগরিকরা এসব অতিরিক্ত কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সেলিম মোল্লা, রানা মাসুদ, রওশন হাসান, খোরশেদ আলম, এমদাদুল হক, এমএম ফারুক ও আব্দুস সালাম রানা প্রমুখ।

নাগরিক প্রতিনিধিরা অবিলম্বে কর নীতিমালার পুনর্বিবেচনা করে জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং সকলের জন্য গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।