সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পঞ্চাশী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে ২৬ বীর-এর একটি টহল দল, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন।

ভোর ৪টার দিকে পঞ্চাশী বাজার থেকে আটক করা হয় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার তিন বাসিন্দা—মো. টিপু (৫৫), মো. বাদল (৩৫) ও মো. নাজিম (৩০) কে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০৬ পিস ইয়াবা, ২১ পুরিয়া হেরোইন (প্রায় ১ গ্রাম), ৫টি মোবাইল ফোন এবং নগদ ৪২,২৪০ টাকা।

অভিযান শেষে ভোর ৫টার দিকে আটককৃতদের সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানার ইন্সপেক্টর মো. জসিম জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত বুঝে নেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।