কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আতাউর রহমান সরকার বলেছেন, “অবিলম্বে কসবা-আখাউড়ার সিএনজি ও অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা নেয়া বন্ধ করতে হবে।” তিনি সম্প্রতি কসবা পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশন কসবা উপজেলা শাখার আয়োজিত শ্রমিক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সভাপতি জামাল মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আমীর হারুন অর রশিদ, উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী। বক্তব্য রাখেন শামিম রেজা ও হুমায়ুন কবির প্রমুখ।