পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় ভাঙ্গাড়ী ব্যবসাকে কেন্দ্র করে চলছে চোরাই মালের জমজমাট বাণিজ্য। এসব ব্যবসার ওপর প্রশাসনের কোন নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয় জনগণের। ফলে ফুলে-ফেঁপে উঠছে এসব ভাঙ্গাড়ী ব্যবসায়ীরা। এসব ভাঙ্গাড়ী ব্যবসায়ীদের লালিতপালিত চোরেরা রাতের আঁধারে গ্যাসের রাইজার, বাড়ি ও বাসা বাড়ির বৈদ্যুতিক সার্ভিস লাইনের তার, বাসা-অফিসের বাইরে লাগানো এসির কমপ্রেসার, বাড়ির পানির টিউবওয়েল, টিউবওয়েলের মাথা-হাতল, বাড়ির আওতার টিন, বাড়ি নির্মাণ সামগ্রী ও বাড়ির সামনে থাকা পরিত্যক্ত আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামীলীগ সরকার পতনের পর পাইকগাছা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে অনেকের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান খামার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট হয় ওই সব বাড়ি ঘরের লুটপাটকৃত বা ভাঙচুর হওয়া মালামাল চুরি করে একশ্রেণীর মানুষ তা বিক্রি করেছে স্থানীয় ভাঙ্গাড়ী দোকানগুলোতে। তাছাড়া বিভিন্ন সময় থানায় চুরির মামলার, মালামাল ভাঙ্গাড়ীর দোকান থেকে উদ্ধার ও জব্দ করলেও পুলিশ ভাঙ্গাড়ী ব্যবসা বন্ধে কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।