তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : তাহিরপুর উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে সিয়াম আখঞ্জি (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সম্প্রতি সকালে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামে এ ঘটনা ঘটে, সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে শিশুটি মৃত্যুবরণ করে। নিহত সিয়াম আখঞ্জি ঠাকুর হাটি গ্রামের সুয়েব আখঞ্জির ছেলে। সে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিয়াম আখুঞ্জি প্রতিবেশী দেবদাসের বাড়িতে ঘুরতে গেলে দেবদাস ও তার স্ত্রী তাকে সুপারি পারার জন্য গাছে ওঠায়। সুপারি পাড়ার সময় সিয়াম হঠাৎ করে গাছ থেকে পড়ে প্রথমে বাড়ির টিনের চালের উপর এবং সেখান থেকে নিচে বারান্দার পাকাতে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সুপারি গাছ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।