ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপজেলার ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রাম এর চেয়ারম্যান সহকারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ইসলাম এর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সোনাসাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শামিনুর রহমান শাকিল।