সাভার সংবাদদাতা: ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবার আগে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ঢাকা জেলার সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।

সম্প্রতি সাভারের স্থানীয় একটি মিলনায়তনে ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে সাংগাঠনিক ও বাইতুলমাল পক্ষ ২০২৫ উপলক্ষে ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর আসাদুজ্জামান জীম এর সভাপতিত্বে এবং এডভোকেট রাশেদ কামাল এর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা আফজাল হোসাইন বলেন, ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে তরুণ-যুবকদের এগিয়ে আসার আহবান জানান। যুবকরাই সংগঠনের প্রাণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত, ধর্ম-বর্র্ণ, জাতি-গোষ্ঠী, নির্বিশেষে প্রতিটি নাগরিকের অংশগ্রহণে সম্প্রীতির এক বাংলাদেশ গড়ে তুলবে। সমাজের কোনো নারীকে জোরপূর্বক বোরকা পরার কথা বলবে না তবে পর্দা পালনের ব্যাপারে আল্লাহর নির্দেশনা কি সেগুলো দাওয়াতি কাজের মাধ্যমে তুলে ধরবে। ইসলামের বিজয়ের জন্য ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতে হবে। প্রতিটি মহল্লায় মানুষকে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তা বোঝাতে হবে। আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা হলো সৎ নেতৃত্বের সংকট। একটি রাষ্ট্রের সরকার যদি সৎ ও আল্লাহভিরু হয় তাহলে কারও অধিকার সেই সরকার হরণ করবে না, লুটপাট হবে না, অন্যায়ভাবে কেউ কারও সম্পদ বা অধিকার নষ্ট করবে না, তখন সমাজে শুধু শান্তি বিরাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. ইমদাদুল হক বলেন, জনগনের মাঝে তাওহীদ, রেসালাত ও আখেরাতের দাওয়াত তুলে ধরতে হবে। পরকালীন জীবন সম্পর্কে মানুষের মাঝে উপলব্ধিতে নিয়ে আসতে হবে। এই জীবন ক্ষনস্থায়ী, সেটা বোঝাতে হবে, নিজেরাও বেশি বেশি আমল করতে হবে এবং দ্বীন প্রতিষ্ঠার কাজ পাগলের মত করে করতে হবে। জীবনের অধিকাংশ সময়টুকু ইকামাতে দ্বীনের কাজে ব্যয় করার আহ্বান জানান।