সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তালগাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।

সোমবার ২৫ আগস্ট দুপুরে সাতপোয়া-মাইজবাড়ী এলাকার দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি নতুন মহাসড়কের দুইপাশে ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়। এ সময় কৃষকদের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জাকিয়া সুলতানা, অতিরিক্ত পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, কৃষি কর্মকর্তা অনুপ কুমার সিংহ, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিতুন আহমেদ লাবিব, জোনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান, ফিল্ড ম্যানেজার আব্দুল আউয়াল আজাদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সরিষাবাড়ী উপজেলা শাখা’র সভাপতি অধ্যাপক শামীম হোসাইন সোহেল প্রমুখ।

সভায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের তথ্যসূত্র জানায়, গত ৪০ বছরে দেশে বজ্রপাতের হার ১৫ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। প্রাণহানির বড় অংশই ঘটে খোলা মাঠে কাজ করা কৃষকদের মধ্যে।