মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলার কালামারছড়ায় এক যুবককে চিংড়ি ঘের থেকে অপহরণের দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম তোফায়েল আজম সিদ্দিকী (৩২)। সে কালারমারছড়ার মৃত ছিদ্দিক আহমদ মাতব্বরের পুত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ তানভীর সিদ্দিকীর চাচা।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। তিনি জানান, কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা খুন করেছে বলে অভিযোগ পেয়েছেন। নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আসামীদের আটকের চেষ্টা চলমান রয়েছে।
নিহতের পরিবার জানায়, তোফায়েল আহমেদ কালারমারছড়ার পশ্চিমে আটজনা ও পনেরজনা চিংড়িঘেরে ছিলেন। রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাছ লুটের পাশাপাশি তোফায়েল কে অপহরণ করে নিয়ে যায়। সকালে কালারমারছড়া কালুরব্রিজ সংলগ্ন বাঁশের ঝোপে তোফায়েলের লাশ পাওয়া যায়।