গাজীপুর মহানগরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘ছাত্রলীগ-এর ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-এরশাদনগর ৪ নম্বর ব্লকের নূরুল ইসলামের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহেল (৩৫), একই এলাকার মৃত বাবলু শিকদারের ছেলে কানন শিকদার (৫৩), এবং জামাইবাজার এলাকার খলিলের ছেলে সিদ্দিক (৩০)।

এর আগে, ‘গাজীপুর আওয়ামী লীগ পরিবার শীর্ষক ব্যানারে আয়োজিত একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পুলিশ অভিযান চালায়। ভিডিওতে দেখা যায়, বনমালা রেল ব্রিজের কাছে টঙ্গী-জয়দেবপুর সড়কে ১০-১৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাজীপুর-২ আসনের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের নামে শ্লোগান দিচ্ছে। মিছিলের নেতৃত্বে ছিলেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাবেক সভাপতি কাজী মঞ্জুর।

মিছিলে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, আহসান উল্লাহ মাস্টার ও জাহিদ আহসান রাসেলের ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে লেখা ব্যানার ব্যবহার করা হয়। অংশগ্রহণকারীদের বেশিরভাগই এরশাদ নগরের ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।