টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলীবর্ষণ করেছে। পরে ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিন ও ৫০৭ রাউন্ড গুলী উদ্ধার করেছে ৬৪ বিজিবির সদস্যরা।

গত ২৬ আগস্ট বিকাল ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খরের দ্বীপ এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব গুলী ও অস্ত্র উদ্ধার উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, খরের দ্বীপ এলাকায় নদীপথে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পায় বিজিবি। তখন বিজিবি সদস্যদের দেখে তারা দু-তিনটি গুলী করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে ওই এলাকায় গভীর অনুসন্ধান চালিয়ে নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলী টেকনাফ থানায় আলামত হিসেবে জমা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।