শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী গতকাল মঙ্গলবার সকালে শাজাহানপুরের মাঝিড়া বন্দরে ব্যাপক গণসংযোগ করেছেন।
সকাল ১১টায় গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় এদেশে কুরআনের শাসন ব্যবস্থা চালু হোক। দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আইনের বিকল্প নেই। মানুষের আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। কাউকে অধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করতে হবে না।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এ এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতের আধুনিকায়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
গণসংযোগে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, মাঝিড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফতাব আহমেদসহ এক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।