চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে লাশের দুই স্বজন নিহত ও চালক আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সাকলাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লাশ নিয়ে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স(ঢাকামেট্রো-শ-১১-৪৮২৪) চট্টগ্রামের ভুজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল পৌনে পাঁচটায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরীর পিছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে লাশের স্বজন চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি নিহত ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া গুরুতর আহত হন। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ওসমান গণিকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওসমান গণি মৃত্যুবরণ করেন। মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মোঃ সাকলাইন বলেন, ‘দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।