পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন দীর্ঘ ২৭ বছর কর্মজীবন শেষদিনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এক রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের অর্থায়নে তাদের প্রিয় শিক্ষককে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে ১১০ সিসি হোন্ডা মোটর সাইকেল উপহার প্রদান ও অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে উঠিয়ে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।

শনিবার দুপুরে কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, অভিভাবক সদস্য আসাদুজ্জামান আসাদ, দাতা সদস্য মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।